আবুল হোসেন নাগরিক কবি। নগর সভ্যতার মধ্যে বেড়ে ওঠলেও নগরজীবনের প্রতি তাঁর উপলব্ধি অনেকটাই নেতিবাচক। মধ্যবিত্ত জীবনের সমস্যা আর দিনযাপনের গ্লানি কবিকে করেছে বিদ্রূপমুখর। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নব বসন্ত’—এ মূলত যুদ্ধবিরোধী মনোভাবের প্রকাশ ঘটেছে। দারিদ্রের হাত হতে মুক্তির জন্য মানুষগুলো গ্রাম ছেড়ে ভিড় জমায় শহরে। ঠাঁই নেই কোথাও তবুও বাঁচার আশায় ‘জীর্ণ গলিতে ডেরা’ বাঁধে। “পটভূমি” নামক কবিতায় তাই কবির অভিজ্ঞতা এমন:
অন্ধপথ, সংকীর্ণ সর্পিল গলি
স্যাঁতসেঁতে নীরন্ধ্র ঘর
অবিশ্রান্ত চিত্কার, অশ্লীল আলাপ
সদ্যজাত রুগ্ন শিশু,....
তাঁর কাছে নগর চিরকালই ‘মরা ছুঁচো ছেঁড়া কাঁথাশুকনো হাড়/ মশা মাছি আর / হন্যে কুকুর ধম্মের ষাঁড়’। শহর জীবনে নিবিড় অন্ধকার আর কেবল কর্মব্যস্ততা। অন্যদিকে কর্মহীন মানুষগুলো সঙ্গীবিহীন, শুধুই নিয়মিত খবরের কাগজে চোখ বুলানো আর জানালার বাইরে দিয়ে নগরজীবনের জনাকীর্ণতা দেখে দেখে সময় কাটানো ছাড়া গতি নেই।সুখের পেছনে মানুষের ঘৌড়দৌড় কিন্তু কোথায় সুখ, কোথায় প্রশান্তি। “বিরস সংলাপ” কাব্যের ‘বাজার দর’ কবিতায় লঘু ব্যঙ্গ করে বলেছেন: ‘খাওয়ার জিনিস, শোয়ার জিনিস/ পরার জিনিস, মরার জিনিস’ সব কিছুর দাম বাড়ছে হু হু করে কেবল মানুষগুলোর দাম কমছে আর কমছে।
কবি আবুল হোসেনের কাছে শহর জীবন নিরর্থক মনে হয়েছে। তার চেয়ে যদি দু’টো দিনও আনন্দে উল্লাসে সময় কাটাতেন, তবুও জীবনটাকে সার্থক মনে হতো। তাই তিনি আক্ষেপ করে বলেছেন—
এতকাল এই ভেরেন্ডা না ভেজে যদি দু’টো দিনও
খিস্তী খেউড়ে মাত্ করতাম বাড়ি।
আবুল হোসেন (১৯২২) কিশোর বয়সেই লিখে ফেললেন “নব বসন্ত” কাব্যখানি। কিন্তু কিশোর হলে কী হবে সুকান্ত ভট্টাচার্যের মতো সাম্রাজ্যবিরোধী মনোভাব তাঁর লেখাতেও স্পষ্ট। তাঁর চাওয়া খুব অল্প। তিনি বলেছেন:
আমরা বিদ্রোহী নই/ আমরা ক্ষুধার্ত / ডালভাত রুটি আলো হাওয়া আর একটু আশ্রয় /আপাতত আর কিছু নয়।
কিন্তু তাঁর কষ্ট ‘সিংহের মেকাপে যত শেয়ালেরা আসর জমায়’ আর বাস্তবতা হলো
গরু নেই গোয়ালে / ধান নেই খামারে
মাছ নেই নদীতে / কুমোর ও কামারে
কাজ আর পায় না...
আজ আমি যাঁর কথা বললাম, তিনি অনেক আগে এমন জীবনাভিজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর লেখায়। কিন্তু আমরা এই সময়ে বসেও এর বাইরে কিছু দেখতে পাচ্ছিনে। জীবন যেন ক্রমশ কী গ্রামে, কী শহরে সর্বত্র নির্মলতা হারিয়ে জটিলতর হয়ে উঠছে। তবুও আমরা আশায় বসতি স্থাপন করে ইতিবাচক জীবন গড়ার এবং সুখময় জীবনাভিজ্ঞতা অর্জনের জন্য সচেষ্ট থাকবো।
