সাভারে খাবারের কারখানায় ১২ লাখ টাকা জরিমানা

আপডেট : ২১ মে ২০১৯, ০০:০৪

সাভারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার প্রিন্স ফুড প্রোডাক্টস নামক ওই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন র্যাব-৪ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।

র্যাব জানায়, দীর্ঘদিন ধরে প্রিন্স ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, কেক, মিষ্টি দইসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য তৈরি করে বাজারজাত করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালায়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়। র্যাব-৪ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, পুরো রমজান মাস জুড়ে ভেজাল খাদ্যের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে র্যাব-৪ এর এএসপি আলী মোহাম্মদ আব্দুল্লাহসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঘিওরে ওষুধের ফ্রিজে মাংস, জরিমানা ৫০ হাজার

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ঘিওর বাজারের মেসার্স এসডি মেডিসিন হাউসকে ওষুধের ফ্রিজে মাংস রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ওই দোকানের মালিক রবিউল ইসলামকে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘিওর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মো. মোয়াজ্জেম হোসেন ও ক্যাব জেলা শাখার সদস্য মতিউর রহমান সেখানে উপস্থিত ছিলেন।