জলঢাকায় কলেজের জায়গা জবরদখল

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২০:৪৫
নীলফামারীর জলঢাকায় এক প্রভাবশালী চক্র দ্বারা চাওড়াডাঙ্গী স্কুল ও কলেজের জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে ওই প্রতিষ্ঠানের নামে ২৩০৯নং দলিলমূলে ২৩ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন অভিযুক্ত রশিদুল ইসলাম। তখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানটি ৬ শতাধিক ছাত্র-ছাত্রীর ব্যবহারের জন্য উক্ত জমিতে দু’টি লেট্রিন ও একটি প্রসাবখানা নির্মাণ করে ভোগদখল করে আসছে। কিছুদিন ধরে অভিযুক্ত রশিদুল ইসলাম এলাকার কুচক্রি মহলের সহযোগিতায় রেজিস্ট্রিকৃত দলিলটি অস্বীকার করে উক্ত জমিটি দখলে নেয়ার চেষ্টা করে আসছিল। গত ১ নভেম্বর প্রতিষ্ঠানটি বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে এলাকার কিছু ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে উক্ত জমিতে অবস্থিত লেট্রিন ও প্রসাবখানা ভেঙ্গে নিয়ে যায় এবং টিনের বেড়া দিয়ে জায়গাটি ঘিরে ফেলে। কলেজের অধ্যক্ষ, অভিভাবকসহ সাধারণ লোকজন বাধা দিলে তাদের উপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। পরে ১০ নভেম্বর কলেজের অধ্যক্ষ মনমথ চন্দ্র রায় বাদি হয়ে নীলফামারী চীফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন।