রাজবাড়ী ও নান্দাইলে পৃথক ঘটনায় চারজনের অপমৃত্যু হয়েছে। খবর—ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
জীবননগর (চুয়াডাঙ্গা)
জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে গত শনিবার পুকুরে ডুবে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মাদকাসক্ত মারা যান। গরু ব্যবসায়ী দেলোয়ার নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরার পথে নেশার ঘোরে পুকুরে পড়ে মারা যান।
কেশবপুর (যশোর)
কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রাম থেকে গত শনিবার দুপুরে জিয়াউর রহমান (২৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। কেশবপুর থানার ওসি সৈয়দ লুত্ফর রহমান জানান, লাশের গলায় কালো দাগ রয়েছে। সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।
কাঁঠালিয়া (ঝালকাঠি)
কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রাম থেকে গত শনিবার সকালে এমরান হোসেন (১৬) নামে কিশোরের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অভিমান করে সে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ)
আড়াইহাজার উপজেলার মারুয়াদী গ্রামে গত শনিবার তারাব গ্রামের হারুনের মেয়ে হামিদা (১৭) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
