ফতুল্লা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ্ বাংলা টিমের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করে র্যাব। গত রবিবার মধ্যরাতে মাসদাইর ভূঁইয়ার বাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি থানার আবু সাঈদ (২৪) এবং বরিশাল গৌরনদী থানার এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী (২৬)।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আলেপ উদ্দিন জানান, নারায়ণগঞ্জের আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিল আবু সাঈদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চরমোনাই পীরের মাহফিলে গিয়ে, ফেসবুকে বিভিন্ন উগ্রবাদী পোষ্ট এবং ইউটিউব দেখে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ২০১৬ সালে কথিত এক বড়ভাইয়ের মাধ্যমে এ সংগঠনে যোগদান করে আবু সাঈদ। পরবর্তীতে তার মাধ্যমেই এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী তাদের সংগঠনে যোগদান করে। তারা সংগঠনটির পক্ষে দাওয়াতি এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার এবং জেলার বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
