গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে কাকলি আক্তার (২৪) নামে এক গার্মেন্টস কর্মী খুন হয়েছে। সোমবার সকালে সিটি করপোরেশনের কুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ কাকলিকে হত্যার অভিযোগে তার স্বামী ওমর ফারুককে (৩৫) আটক করেছে।
নিহত কাকলি আক্তার ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পলাশীহাটা জগত্গঞ্জ গ্রামের হায়দার আলীর মেয়ে। ফারুক ও কাকলি কুনিয়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, ৭/৮ বছর আগে একই গ্রামের ওমর ফারুকের সাথে কাকলির বিয়ে হয়। চাকরি সূত্রে তারা গাজীপুরের কুনিয়া এলাকায় বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে সোমবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সকাল ৬ টার দিকে ওমর ফারুক ছোরা দিয়ে তার স্ত্রী কাকলির পেটে আঘাত করে। কাকলির চিত্কারে আশপাশের ভাড়াটিয়ারা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক কাকলিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ট্রাক চালক নিহত
সোমবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জাবেদ মিয়া (২৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত জাবেদ মিয়া নরসিংদী সদর থানার বামেরবাউল গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে। তিনি পরিবারসহ কোনাবাড়ী পারিজাত এলাকায় বাসা ভাড়া থেকে ট্রাক চালাতেন। কোনাবাড়ী থানার পিএসআই হেলাল উদ্দিন জানান, সকালে ট্রাক নিয়ে বিসিক এলাকায় যান জাবেদ মিয়া। এক পর্যায়ে সড়কের পাশে ট্রাক থামিয়ে ট্রাকের উপর থেকে ত্রিপল নামাতে গেলে উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
