জেলার দৌলতপুর থানা পুলিশের হেফাজতে থাকা জাকির হোসেন ওরফে জাফর নামে এক আসামির মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছে। থানায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার প্রাগপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। এদিকে ঘটনার দিন রাতে পুলিশ স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে নিহতের মা ও ভাইকে নিয়ে এসে ‘সাদা’ কাগজে স্বাক্ষর নিয়েছে বলে জানা গেছে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলম বলেন, মাদক মামলার পলাতক আসামি জাকির হোসেন ওরফে জাফরকে (২৫) তেকালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মাসুদ গত শুক্রবার ভোরে গ্রেফতার করে। এরপর গত শনিবার দুপুর ২টায় থানায় নিয়ে আসার পর রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। দৌলতপুর হাসপাতালের চিকিত্সকের বরাত দিয়ে তিনি জানান, জাফর হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। এছাড়া সে মাদকাসক্ত ছিল বলে নিশ্চিত হওয়া গিয়েছে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের মা রোকেয়া খাতুন বলেন, ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করায় আমার ছেলে মারা গেছে। এদিকে বিষয়টি ‘ধামাচাপা’ দিতে ঘটনার দিন রাত ১২ টার দিকে স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে নিহতের মা রোকেয়া খাতুন ও ভাই সুমনকে থানায় নিয়ে এসে পুলিশ ‘সাদা’ কাগজে স্বাক্ষর নিয়েছে বলে তারা জানান।
