গত ২ নভেম্বর শনিবার শেষ রাত্রে নোয়াখালীর চরজাব্বার থানা সংলগ্ন চরজুবিলী ইউনিয়নের হুকু সওদাগর বাড়ির গোয়াল ঘর থেকে ১০টি গরু চুরি যায়। চরজাব্বার থানায় পরদিন একটি সাধারন ডায়েরি করা হয়েছে। চরজাব্বার থানা ও উপজেলা সদর দপ্তর সংলগ্ন স্থানে এ রকম চুরির ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। প্রায় দুই দশক ধরে উপকূলীয় বনদস্যু ও ভূমিদস্যু অধ্যুষিত চরমহিউদ্দিন, চরজিয়াউদ্দিন, চরবাটা, চরক্লার্ক সহ চরাঞ্চলে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, অপহরণ, গুম, পুলিশের রাইফেল ছিনতাই, বাড়িঘরে অগ্নিসংযোগ ও চাঁদাবাজিসহ নানা রকম আইন-শৃংখলা বিরোধী কার্যকলাপ ঘটলেও থানা সংলগ্ন স্থানে কখনো চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি। উপজেলা ও জেলার বড় বাজার হিসেবে পরিচিত আটকপালিয়া বাজার সংলগ্ন স্থানে গরু চরির কারণে এলাকাবাসীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। চুরি ডাকাতি প্রতিরোধ ও জনমনে সৃষ্ট আতংক নিরসনকল্পে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃংখলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
মোহাম্মদ সহিদ উল্লাহ (বাচ্চু),
চরজুবিলী, চরজাব্বার,
নোয়াখালী
