হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী মুন্নীকে (৬) গত ১৪ নভেম্বর স্কুলের ক্লাস থেকে ডেকে নিয়ে গেছে অপহরণকারী চক্রের এক মহিলা। এ ব্যাপারে ওইদিন সন্ধ্যায় মুন্নীর বাবা রিকশাচালক আনোয়ার হোসেন হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। মুন্নীর সহপাঠি মুক্তা জানায়, থ্রি-পিচ পরা একজন মহিলা মুন্নীকে ডেকে নিয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক তপাদার বলেন, প্রথম ঘন্টায় মুন্নী ক্লাস করেছে। দ্বিতীয় ঘন্টা শুরুর আগ মুহূর্তে একজন মহিলা এসে তাকে ডেকে নিয়ে যায়। পরে মুন্নী ক্লাসে ফিরে না আসায় ক্লাস শিক্ষক আবদুল কাদের নিখোঁজের বিষয়টি অবহিত হন। হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন রবিবার ডায়েরির বিষয়ে নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
