মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ পর্বে জয়লাভ করার পর আব্দুল্লাহ ইয়ামিন গতকাল রবিবার শপথ নিয়েছেন। এর মাধ্যমে দেশটিতে প্রায় দুই বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটল। ইয়ামিন ৫১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন, অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ পেয়েছেন ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট। নাশিদ পরাজয় মেনে নিয়েছেন। তিনি ইয়ামিনের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন।
ইয়ামিন মালদ্বীপের লৌহমানব ও দীর্ঘ দিনের শাসক আব্দুল গাইয়ুমের সত্ ভাই। তাকে প্রথম যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক পরাশক্তি ভারত অভিনন্দন জানিয়েছে। তারা মালদ্বীপের নতুন নেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছে। রবিবার ভোরে বিজয়ী ঘোষিত হবার পর ইয়ামিন বলেন, তার দেশের স্থিতিশীলতার প্রয়োজন। প্রধান বিরোধী নেতা নাশিদ তাকে সহযোগিতা করবেন বলে তিনি আশা করছেন।
