আগামী কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানকে ছারখার করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে তালেবানের পাকিস্তানি শাখা তেহরিক-ই তালেবান (টিটিপি)। জঙ্গি গোষ্ঠীটির নেতা হাকিমুল্লাহ মেহসুদ হত্যাকান্ডের প্রতিশোধ নিতে পাকিস্তান সরকার এবং সশস্ত্র বাহিনীকে শিক্ষা দেওয়ার অঙ্গীকার করেছে তারা। খবর এনডিটিভির।
টিটিপির মুখপাত্র শহীদুল্লাহ শহীদ শনিবারের আত্মঘাতী হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনীর ওপর হামলার মাধ্যমে তারা আক্রমণের প্রথম ধাপ শুরু করেছে। তিনি বলেন, আমরা সরকার এবং সশস্ত্র বাহিনীর ওপর সিরিজ হামলার পরিকল্পনা করেছি। গত পহেলা নভেম্বর মার্কিন ড্রোন হামলায় মেহসুদ নিহত হওয়ার পরই টিটিপি জানিয়েছিল, এই ড্রোন হামলার সঙ্গে পাকিস্তান সরকারের যোগসাজশ রয়েছে। শহীদুল্লাহ বলেন, আগামী দিনগুলো পাকিস্তান সরকার এবং নিরাপত্তা বাহিনীর জন্য ভয়াবহ হবে। মুখপাত্র আরো জানান, ইতিমধ্যে তারা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) পার্টির শীর্ষ নেতাদের ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ওপর হামলার জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলার স্কোয়াডের সদস্যদের পাঠানো হয়েছে। শহীদুল্লাহ বলেন, এই তিন দলের নেতারা মেহসুদ হত্যাকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে। তাই তাদের হত্যা করা হবে। টিটিপির রাওয়ালপিন্ডি শাখার নেতা আহমাদ আলী ইনতেকামি বলেন, রাওয়ালপিন্ডির ডিসি এবং ডিআইজির ওপর আগামী তিনদিনের মধ্যে হামলা করা হবে। গত শুক্রবার একটি গোষ্ঠীর ওপর হামলায় এরা ইন্ধন দিয়েছিলেন।
