রয়টার্সে নিশা দেশাইয়ের নিবন্ধ

বাংলাদেশিরা রাস্তায় নেমে হতাশার প্রকাশ ঘটাতে পারে

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৪২
আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির মধ্যে বিরোধ চলছে। যে কারণে রাজনৈতিক অস্থিরতাও বাড়ছে। রাস্তায় মিছিল, সমাবেশ, ধর্মঘট চলছে যা প্রায়ই ধংসাত্মক ও সহিংস হয়ে উঠছে। একটি অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন করার বিষয়ে দুই পক্ষ ঐক্যমতে পৌঁছাতে যত দেরি করবে, দেশের সাধারণ মানুষের রাস্তায় নেমে হতাশা ব্যক্ত করার সম্ভাবনা ততই বাড়বে। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এক নিবন্ধে এ কথা বলেছেন। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে তার এই নিবন্ধ প্রকাশিত হয়। ‘দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের জন্য সংগ্রাম’ শিরোনামে প্রকাশিত নিবন্ধে তিনি বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের গণতান্ত্রিক পরিবেশের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপে রাজনৈতিক সঙ্কট উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। এ অবস্থা দক্ষিণ এশিয়ার গণতন্ত্র সমুন্নত রাখতে আন্তর্জাতিক সমপ্রদায়ের সম্পৃক্ততার প্রয়োজনকে স্পষ্ট করে তোলে। তিনি বলেন, বিশ্বাসযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার মধ্য দিয়েই দক্ষিণ এশিয়ার দেশে দেশে গণতন্ত্রকে টিকিয়ে রাখা সম্ভব হবে।