এক সপ্তাহ বিরতির পর আজ সোমবার আবার সংসদ অধিবেশন বসছে। বিকাল সাড়ে চারটায় অধিবেশন শুরু হবে। নবম জাতীয় সংসদের শেষ ও চলতি ১৯তম অধিবেশন গত ১২ সেপ্টেম্বর শুরু হয়।
পাঁচ দফা মুলতবি হওয়ার ফলে চলতি অধিবেশন দীর্ঘায়িত হয়েছে। বিশেষ করে অধিবেশনের শুরুতে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে কত কার্যদিবস অধিবেশন চালানো হবে তা নির্ধারণ করা হয়। পরে গত ২৪ অক্টোবর কার্যউপদেষ্টা কমিটি দ্বিতীয় দফা বৈঠকে বসে অধিবেশন সাত নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়। তখন, একই সঙ্গে অধিবেশনের মেয়াদ কমানো কিংবা বাড়ানোর বিষয়টি স্পিকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয়া হয়। গত ১০ নভেম্বর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এক সপ্তাহের জন্য অধিবেশন মুলতবি করেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, কয়েকটি বিল পাসের অপেক্ষায় রয়েছে। চলতি অধিবেশনেই সেগুলো পাস হওয়ার কথা।
