মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং তার স্ত্রী রুসমা মনসুর বাংলাদেশে ৩ দিনের সরকারি সফরে গতকাল রাতে ঢাকায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাদেরকে স্বাগত জানান।
মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে শেখ হাসিনা তার মন্ত্রিসভার সহকর্মী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিকে মালয়ে-শিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। অপরদিকে নাজিব রাজাকও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন।
বিমানবন্দরে আন্তরিক অভ্যর্থনা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শেখ হাসিনার আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নাজিব রাজাককে তিনি এই আমন্ত্রণ জানান।
নাজিব রাজাক ও শেখ হাসিনা যৌথভাবে আজ সকাল ১০টায় গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা স্মৃতি বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ উদ্বোধন করবেন।
কেপিআই নামে মালয়েশিয়ার স্বাস্থ্যখাতের একটি স্বনামধন্য কোম্পানি এই হাসপাতালের কর্মকাণ্ড ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।
সফরসূচি অনুযায়ী শেখ হাসিনা ও নাজিব রাজাক আজ বিকাল ৪টা ১৫ মিনিটে মুখোমুখি বৈঠকে বসবেন। পরে উভয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেবেন। এ সময় তারা জনশক্তি রফতানি এবং বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। দুই দেশ সাংস্কৃতিক বিনিময় ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত দু’টি চুক্তিও স্বাক্ষর করবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সন্ধ্যা পৌনে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন একই দিন পৃথকভাবে নাজিব রাজাকের সঙ্গে তার হোটেল স্যুটে সাক্ষাত্ করবেন।
