তারেকের খালাসে হতাশ দুদক

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৫১
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচার মামলায় বেকসুর খালাস দেয়ায় হতাশা প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে বেকসুর খালাস এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে অর্থপাচার (মানি লন্ডারিং) মামলায় সাত বছরের কারাদণ্ড দেয়ার পর এক প্রতিক্রিয়ায় দুদকের পক্ষে কমিশনার মো. শাহাবুদ্দিন চুপ্পু এ হতাশার কথা বলেন। তিনি উল্লেখ করেন, অর্থপাচার মামলায় একই ধরনের অভিযোগে মামুনের কারাদণ্ড এবং তারেক রহমানের খালাস আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। তাদের দুজনের বিরুদ্ধে যে অভিযোগ তাতে রায় ভিন্ন হওয়ার কোন সুযোগ নেই। তাই এ রায়ে হতাশ দুদক। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে কমিশন আপিলের সিদ্ধান্ত নেবে এবং দ্রুত রায়ের বিরুদ্ধে আপিল করবে। এদিকে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জমান পূর্ণাঙ্গ রায় হাতে না পাওয়া পর্যন্ত কোন ধরনের মন্তব্য করবেন না বলে জানান সাংবাদিকদের। প্রসঙ্গত, লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বিরুদ্ধে এই প্রথম কোন মামলার রায় ঘোষণা করা হলো। মামলার শুরু থেকেই তিনি অনুপস্থিত ছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চিকিত্সার জন্য তিনি লন্ডনে যান। তার বিরুদ্ধে আরো ১৬টি মামলা রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।