সরকারের ভেতরে কোনো ষড়যন্ত্রকারী আছে কি না খুঁজে বের করা জরুরি

আপডেট : ২১ মে ২০১৯, ০০:২৬

মানুষের ক্ষোভ, বিক্ষোভে পরিণত হবার আগে প্রশমিত না করলে অচিরেই দেশে অস্থিরতা ও অনিশ্চয়তা ঘনীভূত হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা। তারা বলেছেন, সরকারের ভেতরে কোনো ষড়যন্ত্রকারী মহল দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে বিপদগ্রস্ত করার অপচেষ্টা করছেন বা কায়েমি স্বার্থ হাসিল করতে তত্পর কি না তা খুঁজে বের করা জরুরি। গতকাল বিকালে রাজধানীর টেনিস ফেডারেশনে সামাজিক আন্দোলনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা পংকজ ভট্টচার্য বলেন, ব্যাংকিং সেক্টরে ঋণ খেলাপিদের যেভাবে তোষণ করার ঘোষণা অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক দিয়েছে তাতে করে সরকারের দেউলিয়াপনাই প্রমাণিত হয়। সংগঠনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, দেশে অর্থনীতি প্রবৃদ্ধির হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধনী-দরিদ্রের যে বৈষম্যের পাহাড় তৈরি হতে চলছে তা সমতা ভিত্তিক সমাজের পরিপন্থি। এখানে জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকরা এখন শস্য উত্পাদনে নিরুত্সাহিত হতে বসেছেন। উত্পাদন খরচ কৃষকেরা না পেলেও বাজারে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।