আমসহ অন্যান্য ফল পাকানো বা সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে এক সপ্তাহের মধ্যে পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গঠিত কমিটি দেশের সকল ফলের বাজার ও আড়তে এ বিষয়ে নজরদারি করবে। আদালতের এই আদেশ বাস্তবায়ন করে আগামী ১৮ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পুলিশের আইজি, র্যাব মহাপরিচালক, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে নির্দেশ দিয়েছে আদালত। এক সম্পূরুক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
গত ৯ এপ্রিল রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের এই আদেশ বাস্তবায়ন করে গতকাল আদালতে প্রতিবেদন দিয়েছে রাজশাহীর বিভাগীয় কমিশনার। এছাড়া ঢাকাসহ দেশের ফলের বাজার ও আড়তে আম ও অন্যান্য ফল পাকাতে রাসায়নিকের ব্যবহার রোধে নজরদারি করতে কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু ওই কমিটি গঠন না হওয়ায় হাইকোর্টে আবেদন দাখিল করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ। ওই আবেদনের পক্ষে মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার শুনানি করেন। শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।
