চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়নের প্রায় ১০০ কি.মি. গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলো সংস্কার না হওয়ায় ভাঙ্গা সড়কে পরিণত হয়েছে। সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত হয়েছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীসহ এলাকাবাসীরা ভোগান্তির শিকার হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সদরস্থ ১০ কি. মি. দৈর্ঘ্যের দরবেশহাট ডিসি সড়ক,৭ কি.মি. দৈর্ঘ্যের দরবেশ হাট-উজিরভিটা সড়ক, ১৮ কি.মি. দৈর্ঘ্যের শাহপীর সড়ক, ৯ কি.মি. দৈর্ঘ্যের রামপুর ডিসি সড়ক, দেড় কি.মি. দৈর্ঘ্যের আলুরঘাট সড়কসহ জঙ্গল পদুয়া সড়ক, আধুনগর হরিণা সড়ক, চুনতি পারাঙ্গা সড়ক, রশিদার পাড়া সড়কের অবস্থা বেহাল।
দরবেশহাট ডিসি সড়কের আমিরাবাদ স্কুল রোড অংশের অবস্থা আরো করুণ। লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান দৈনিক ইত্তেফাককে জানান, লোহাগাড়ায় মোট ২১৬ কি.মি. পাকা সড়কের মধ্যে প্রায় ১০০ কি.মি. সড়ক চলাচলের অনুপযোগী। সড়কগুলো সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
