বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমাদের দেশের কৃষকরা ধানের দাম পাচ্ছেন না। তারা ধান ক্ষেতে আগুন দিচ্ছেন। এই দাম না পাওয়ার কারণ দুর্নীতি। কেননা, আমরা কৃষকের ধানের দাম দিতে পারছি না। অথচ বিদেশ থেকে চাল আমদানি করছি, এর পেছনেও দুর্নীতি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘দুর্নীতি, ঋণখেলাপি ও ব্যাংকিং খাতে নৈরাজ্য বন্ধে বাজেটে সুস্পষ্ট অঙ্গীকার চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেনন বলেন, কেউ কখনো নিজের ঘরে আগুন লাগাতে চায় না। কিন্তু আজ যখন ধান উদ্বৃত্ত হয়ে গেছে, তাতে কৃষকরা ধানের দাম পাচ্ছেন না। কারণ, আমনের যে চাল ছিল বোরোতে এসে দেখা গেছে, মিলের মালিকরা আগেরটাই বিক্রি করতে পারেননি। অথচ আমরা চাল আমদানি করলাম।
তিনি বলেন, এই আমদানির ক্ষেত্রে রয়েছে দুর্নীতি। যেখানে পৃথিবীতে ৪০০ ডলার প্রতি টন, আমরা সেখানে চাল আমদানি করেছি ৭০০ থেকে এক হাজার ডলার দরে। মাঝখানে এ টাকাটা কোথায় গেল? এই টাকা বিদেশে পাচার হয়ে যায়। তাহলে দুর্নীতি তো গোড়ায়।
পুঁজিবাজারকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না দাবি করে মেনন বলেন, এরশাদ সরকারের আমলে পুঁজিবাজারে ধস শুরু হয়। সেটি ১৯৯৬ ও ২০১০ সালেও হয়েছে। আমরা দেখছি, যাদের কোনো প্রতিষ্ঠান নেই, এমন ব্যক্তিদেরও পুঁজিবাজার থেকে টাকা তোলার সুযোগ দেওয়া হয়েছে। আমার কাছে এরকম ১০টি তালিকা রয়েছে, যাদের কোনো প্রতিষ্ঠান নেই। অথচ এরা আইপিও এবং ফান্ড বৃদ্ধির নামে কোটি কোটি টাকা পুঁজিবাজার থেকে তুলে নিয়েছেন। ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় ও দলের মহানগর সদস্য বেনজীর আহমেদ।
