জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১৩-২০১৪ সেশনের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভূগোল, অর্থনীতি, কৃষিশিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), যুক্তিবিদ্যা, উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণনসহ আরো কয়েকটি বিষয় নতুন পাঠ্যসূচি অনুযায়ী সৃজনশীল করা হয়। ইতোমধ্যে ছাত্রছাত্রীরা বাজার থেকে বইগুলো সংগ্রহ করেছে এবং আমরা শিক্ষকরাও বইয়ের সিলেবাসের আলোকে প্রায় ৪ মাস পাঠদান করেছি। কিন্তু এর মধ্যে জানতে পারলাম, এই বিষয়গুলোর প্রণীত সিলেবাসের আলোকে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র হবে না। এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিপত্র বা বিজ্ঞপ্তিও প্রকাশ পায়নি যে আমরা ছেলেমেয়েদের সে আলোকে দিক নির্দেশনা দেবো। অনেক কলেজে ইতিমধ্যে প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে আবার অনেক কলেজে হবে। বর্তমান এই বইগুলোর সিলেবাসে যেমন পরিবর্তন এসেছে, তেমনি প্রশ্নপত্র কাঠামো করা হয়েছে সৃজনশীল আকারে। ফলে সঠিক নিয়মে পাঠদান সম্ভব হচ্ছে না। সৃজনশীল পদ্ধতি যদি বাতিল বা স্থগিত করা হয় তাহলে আগের সিলেবাসে এবং প্রশ্ন কাঠামোয় পাঠদান সম্ভব নয়। এ বিষয়ে জরুরিভিত্তিতে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রয়োজন। আমরা আশা করছি শিক্ষা মন্ত্রণালয় সে নির্দেশনা আমাদের জানাবে।
কামরুজ্জামান,
সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ,
মুক্তিযোদ্ধা কলেজ, ভবানীপুর,
গাজীপুর
