‘বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি’ আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, কতিপয় রাজনৈতিক দলের মদদ, আশ্রয় ও প্রশ্রয়ে জামায়াত-শিবিরসহ অন্যান্য সাম্প্রদায়িক গোষ্ঠী হরতালের নামে সারাদেশে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। এ সামপ্রদায়িক অপশক্তিকে রুখতে বক্তারা সারাদেশে জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ‘সামপ্রদায়িকতা বিরোধী ব্রিগেড’ গড়ে তোলার আহবান জানান।
গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক কামাল লোহানী। বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি গোলাম রব্বানী, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সমন্বয়ক ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, কমিটির সদস্য সচিব অধ্যাপক বদিউর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন মাহফুজা খানম, সেক্টর কমান্ডার্স ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন হাবীব প্রমুখ।
সমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য জামসেদ আনোয়ার তপন। সমাবেশে গণসঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সভাশেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত মশাল মিছিল করা হয়।
প্রসঙ্গত, রাজধানী ছাড়াও চট্টগ্রাম, ব্রাক্ষ্মণবাড়িয়া, মৌলভীবাজার, মাদারীপুর, খুলনা, দিনাজপুর ও বরিশালে একই কর্মসূচি একযোগে পালিত হয়েছে।
