দুদকের তৃতীয় দফা তলবেও হাজির হননি রুহুল আমিন হাওলাদার

আপডেট : ২১ মে ২০১৯, ০০:৩৬

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জিজ্ঞাসাবাদে তৃতীয় দফা তলবেও হাজির হননি জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। গতকাল সোমবার দুদকে তার জিজ্ঞাসবাদের কথা ছিল। তিনি অনুপস্থিতির কারণ হিসেবে ওমরাহ করতে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়ে দুদকে সময় আবেদন করেছেন। ওই আবেদনে ঈদের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুরোধ করা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব ভট্টাচার্য জানিয়েছেন।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, কমিশন কোনো সিদ্ধান্ত জানায়নি। আইন অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দুদক সূত্র জানায়, সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের একাধিক প্লটের মালিক হওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকে। এসব অভিযোগ তদন্তের জন্য ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে প্রথম তলব করে দুদক; কিন্তু সে সময় নির্বাচনের প্রস্তুতির কারণ দেখিয়ে দুদকে হাজির না হয়ে তিনি হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। এরপর তাকে ফের চিঠি পাঠান দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমদ। ২৮ মার্চ হাওলাদারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় নোটিসে। ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে হাওলাদার রিট আবেদন করলে আদালত প্রাথমিক শুনানি নিয়ে চার সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছিল। এরপর সে স্থগিতাদেশটি গত ২৮ এপ্রিল স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। উচ্চ আদালতের রায়ের পর তাকে তৃতীয় দফা তলব করা হয়। ওই তলবি নোটিসে গতকাল তার জিজ্ঞাসাবাদের কথা ছিল।