গাজীপুরের কাশিমপুর সারাবো তেঁতুইবাড়িতে গতকাল সোমবার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজীব বিন তুন আব্দুল রাজাক এ হাসপাতালের উদ্বোধন করেন।
সভাপতির ভাষণে শেখ হাসিনা বলেন, এই হাসপাতাল নির্মাণের ফলে এখানকার দরিদ্র মানুষ উন্নত সেবা পাবে। সব ধরনের চিকিত্সা সেবার পাশাপাশি নারী, শিশু এবং প্রতিবন্ধী বিশেষ করে অটিজমে আক্রান্তদের চিকিত্সার সুযোগ থাকবে। উচ্চ শিক্ষিত নার্স তৈরি হবে। এ আধুনিক হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে মালয়েশিয়ার স্বাস্থ্য সেবা প্রদানকারী কামপুলান পেরুতান জহুর (কেপিজে)। এই উদ্যোগ পাবলিক-প্রাইভেট-পার্টনারশীপের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, এই হাসপাতালে স্বল্প মূল্যে আন্তর্জাতিক মানের চিকিত্সা সেবা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজীব বিন তুন আব্দুল রাজাক । বক্তব্য রাখেন মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ার বার্হাড প্রেসিডেন্ট তুয়ান হাজি আমিরউদ্দিন আব্দুল সাতার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহসভাপতি শেখ রেহানা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী দাতো রুসমা মুনসুর, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা, স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী ও স্থানীয় সংসদ সদস্য আকম মোজাম্মেল হক।
প্রধানমন্ত্রী আজ বরগুনা ও পটুয়াখালী যাচ্ছেন
বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বরগুনা সফরকালে বামনা ও নবসৃষ্ট তালতলী উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি বামনা ও তালতলীতে দু’টি জনসভায়ও বক্তব্য রাখবেন তিনি।
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন এবং বাংলাদেশ নৌ-বাহিনীর সাবমেরিন ঘাঁটির ভিত্তিপ্রস্থর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে কলাপাড়ায় আসছেন। এ উপলক্ষে টিয়াখালী নদীর মোহনায় স্থাপন করা পন্টুনের পাশেই স্থাপন করা হয়েছে একটি মঞ্চ। উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে তিনি বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
