কঠোর নিরাপত্তা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার ঊষালগ্নে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেষ হয়েছে সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরী সমপ্রদায়ের প্রধানতম ধর্মীয় উত্সব মহারাসলীলা। মণিপুরী সমপ্রদায়ের বৃহত্তম এ উত্সব উপলক্ষে উভয় স্থানে বসেছিল বিশাল মেলা। রাসোত্সবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তসহ দেশি-বিদেশি পর্যটকের ঢল নেমেছিল।
উপজেলার মাধবপুর (শিববাজার) জোড়ামণ্ডপ প্রাঙ্গণে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা ১৭১তম বার্ষিকী এবং রাসোত্সব ২০১৩ উদযাপন পরিষদের উদ্যোগে আদমপুর বাজারে সানা ঠাকুর মণ্ডপ প্রাঙ্গণে মৈতৈ মণিপুরী সমপ্রদায়ের ২৮তম রাস উত্সব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মাধবপুর জোড়ামণ্ডপ প্রাঙ্গণে রবিবার সকাল ১২টা থেকে গোধূলিলগ্ন পর্যন্ত ছিল রাখাল নৃত্য (গোষ্ঠলীলা), সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। রাত ১০টা থেকে সোমবার ভোর পর্যন্ত ছিল শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ। মাধবপুর জোড়ামণ্ডপে এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। মহারাসলীলা সেবা সংঘের সভাপতি এড. চাঁদমুরারী সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস।
অপরদিকে রাসোত্সব ২০১৩ উদযাপন পরিষদের উদ্যোগে আদমপুর বাজারে সানা ঠাকুর মণ্ডপ প্রাঙ্গণে মৈতৈ মণিপুরী সমপ্রদায়ের ২৮তম রাস উত্সবের কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় রাখাল নৃত্য, বিকাল পাঁচটা ১০ মিনিটে আলোচনা সভা ও সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১১টায় রাসনৃত্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নওয়াব আলী আব্বাস খান।
