সোনিয়া গান্ধীর কাছে ১০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৪৬
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে মানহানির মামলার নোটিস পাঠালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। চৌহানের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজ্ঞাপন দিয়েছিল কংগ্রেস। এই বিজ্ঞাপনে তার মানহানি হয়েছে বলে দাবি করে নোটিস পাঠিয়েছেন চৌহান। মানহানির জন্য ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। ১০ কোটি রুপির এই ক্ষতিপূরণ দাবি করতে মুখ্যমন্ত্রী চৌহান পাঠিয়েছেন ১০ পৃষ্ঠার নোটিস। খবর জি নিউজের। কংগ্রেসের ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, একটি লোভী পরিবার মধ্যপ্রদেশকে লুঠ করেছে। এরপরই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। বিজেপি কঠোর ভাষায় নিন্দা জানায়। তারপরেও কংগ্রেসের আক্রমণ থেমে থাকেনি। আগামী ২৫ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি-কংগ্রেস দুই দলই জোর প্রচারে নেমেছে। প্রচারণার অংশ হিসেবেই ওই বিজ্ঞাপন দিয়েছিল কংগ্রেস।