দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পণ্য ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পাঠানোর সময় বিজিবি’র হাতে আটক, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। ৬ দফা দাবি আদায়ে হিলিতে ব্যবসায়ীদের মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।
আমদানির কাগজপত্র না দেখে মালামাল আটক করে কাষ্টমসে জমা দিয়ে হয়রানিমূলক মামলা করে বিজিবি। এ অভিযোগে সোমবার বেলা ১২টায় স্থানীয় সিএন্ডএফ এজেন্ট, ট্রাক মালিক গ্রুপ, ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক, কুলি শ্রমিক সংগঠন, আমদানি-রফতানিকারকসহ সংশ্লিষ্টরা মিছিল করে স্থলবন্দর প্রদক্ষিণশেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে। রবিবার দুপুরে তারা আমদানি বন্ধ করে দেন। ব্যবসায়ীদের সাথে একাত্মতা ঘোষণা করেন ট্রাক মালিক সমিতি, সিএন্ডএফ এজেন্ট, কুলি শ্রমিক সংগঠন, ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক। সোমবার দুপুর দেড়টায় ইউএনও কার্যালয়ে বৈঠক বসে। এ সংবাদ লেখা পর্যন্ত বৈঠক চলছিল। রবিবার দুপুর থেকে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় সরকার প্রায় ২ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
