নির্বাচনে না গেলে মানুষ সব দলকেই থুথু দেবে :এরশাদ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৪৮
মন্ত্রিসভা পুনর্গঠনের আগে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত ছিলেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। তার কাছে প্রশ্ন ছিল- ‘আপনি বলেছিলেন- বিএনপি না গেলে জাপা সর্বদলীয় সরকারেও যাবে না, নির্বাচনেও যাবে না, পাতানো নির্বাচনে গেলে জনগণ আমাদের থুথু মারবে, বেঈমান বলবে, কিন্তু আমি বেঈমান হয়ে মরতে চাই না’। এর জবাবে তিনি বললেন ‘হ্যাঁ বলেছিলাম, কিন্তু নির্বাচনে না গেলে সরকার পরিবর্তন হবে কীভাবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি- নির্বাচনে যাবো। নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের যে অবস্থা, তাতে নির্বাচনে না গেলে মানুষ শুধু আমাকেই নয়, সব দলকেই থুথু মারবে, সব রাজনীতিবিদকে ঘৃণা করবে।’ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি বলেন, এই মুহূর্ত থেকে আমরা আর মহাজোটে নেই। আমরা এককভাবে নির্বাচন করবো।