সর্বদলীয় সরকারে বিএনপিকে আনার চেষ্টা চলছে

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৪৯
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে বিএনপিকে নিয়ে আসতে তাদের সঙ্গে নেপথ্যে যোগাযোগ করা হচ্ছে। এখন না হলেও নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে কোনো সময় এই সরকারে বিএনপির আসার সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল সোমবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে ২য় কাঁচপুর, ২য় মেঘনা ও ২য় গোমতী সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পরামর্শক নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কোনো কারণে বিরোধী দল নির্বাচনকালীন সরকারে না আসলেও আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে আসবে। তিনি বলেন, সরকার পরিবর্তনে নির্বাচনের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে প্রায় ৩৫৯ কোটি টাকা মূল্যের চুক্তিপত্রে সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর এবং জাপানের ওরিয়েন্টাল কনসালট্যান্ট কোম্পানি লিমিটেড-এর জেনারেল ম্যানেজার সুনজি ইহোসিহোরা নিজ নিজ পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়নের জন্য জাইকা ২৮৭ কোটি ২০ লাখ টাকা এবং জিওবি ৭১ কোটি ৪০ লাখ টাকা (ভ্যাট ও আইটি) অর্থায়ন করছে।