টুকুকে রিমান্ডের আবেদন নাকচ, হাবিবকে এক দিন রিমান্ডের আদেশ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫০
ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে চারটি মামলায় রিমান্ড আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। অন্যদিকে ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে একটি মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পল্টন ও মতিঝিল থানার ২টি করে ৪টি মামলায় গতকাল সোমবার টুকুকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এম এ সালাম টুকুকে তিনদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। অন্যদিকে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রমনা থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাবিবকে গোয়েন্দা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে মহানগর হাকিম কেশব রায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন।