পাষণ্ড পিতার হাতে করুণ মৃত্যু হলো শিশু জিদনীর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫২
মাদকাসক্ত পিতার হাতে ওমর ফারুক জিদনী (৬) নামে এক শিশু খুন হয়েছে। সোনারগাঁও পৌরসভাধীন টিপরদী সেফওয়ে সিএনজি স্টেশনের পিছন থেকে রবিবার রাতে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জিদনীর মা রোজিনা বেগম বাদি হয়ে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে সোমবার সকালে মামলা দায়ের করেন। ঘাতক পিতা পলাতক। বন্দর উপজেলার চাঁনপুর গ্রামের আবুল হোসেন ভান্ডারির পুত্র রফিকুল ইসলাম সোনারগাঁও পৌরসভার টিপরদী গ্রামের রোজিনা বেগমকে বিয়ে করে। বিয়ের পর মাদকাসক্ত রফিকুল টাকার জন্য স্ত্রীকে মারধর করত। রোজিনা বেগম নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবার বাড়ি টিপরদী চলে আসে। রোজিনা তার দুই শিশুপুত্র গোলাম রাব্বানী শুভ ও ওমর ফারুক জিদনীকে নিয়ে স্থানীয় মোবারক হাজীর মেসে রান্নার কাজ করে ৩ জনের সংসার চালাত। ১৩ নভেম্বর সন্ধ্যায় রফিকুল জিদনীকে চুরি করে নিয়ে যায়। রবিবার রাতে জিদনীর বড় ভাই শুভর কাছে তার বাবা রফিকুল ফোন করে জানায়, সেফওয়ে সিএনজি পাম্পের পেছনে গেলেই টের পাবি জিদনীর কি অবস্থা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা সিএনজি পাম্পের পিছনে জিদনীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। জিদনী পৌরসভার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণীর ছাত্র ছিল। সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান খান জানান, রফিকুলকে গ্রেফতারে চেষ্টা চলছে।