জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের মালিক মীর কাসেম আলীর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী ১০ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ সীমন। পরে আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১০ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। একই সাথে আসামিপক্ষকে মামলার প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ১৪টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযোগ গঠনের মাধ্যমে মীর কাসেম আলীর বিচার শুরু করে ট্রাইব্যুনাল।
নিজামীর মামলায় আজ
আইনি বিষয়ে যুক্তিতর্ক
জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেন নিজামীর আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসালাম ও তাজুল ইসলাম। যুক্তিতর্ক অসমাপ্ত অবস্থায় ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করে। আজ আসামিপক্ষের আইনি বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। আসামিপক্ষের আইনি বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলার কার্যক্রম শেষ হবে।
