বিদেশি শত্রুদের ঠেকাতে তৈরি হয়েছিল চীনের মহাপ্রাচীর। কিন্তু শত্রু যে ঘরেই আছে—এ খবর কে রাখে! প্রকৃতির খেয়ালে ক্ষয়ক্ষতি তো হচ্ছেই। সমপ্রতি আবার জানা যায়, চীনের প্রাচীর একটু একটু করে ভেঙে দিব্যি ঘরবাড়ি তৈরিও চলছে। খবর আনন্দবাজার পত্রিকার
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানি বোমা, নিজস্ব সেনা বাঙ্কার সব মিলিয়ে দুই হাজার বছরেরও বেশি প্রাচীন চীনের মহাপ্রাচীরের অন্তত ৩০ শতাংশ ক্ষয়ে গিয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল জিয়োগ্রাফিক। এবার তা রুখতেই ড্রোন হাতিয়ার করছে বেইজিং। প্রাচীরের কোথায় এবং কতটুকু ক্ষতি হয়েছে—ইতোমধ্যেই তার অনেকটা জানা গিয়েছে বলে দাবি চীনের স্থানীয় প্রশাসনের। ড্রোনের সৌজন্যে পাওয়া গেছে হাই-ডেফিনেশন ও থ্রি-ডি ছবি। এখন কাজ, নতুন করে ইট-পাথর বসিয়ে পাঁচিলকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। অবশ্য বিশেষজ্ঞরা মানছেন, প্রাচীরের জটিল গঠনের সঙ্গে মিলিয়ে সেটি করা অতটা সহজ নয়।
