বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে আসছেন রোনালদো!

আপডেট : ২১ মে ২০১৯, ০০:৪৬

১৯২০ সালরে ১৭ মার্চ জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০২১ সালের ১৭ মার্চ হবে তার জন্মের শত বছর। ওই বছরই উদযাপন করা হবে জন্মশত বার্ষিকী। এই উদযাপন দেশব্যাপী ঘটা করে পালন করতে বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। বাদ পড়েনি দেশের ক্রীড়াঙ্গনও। এক্ষেত্রে সবচেয়ে সাহসী পদক্ষেপই নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশনের কর্মকর্তারা ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে আনতে চাচ্ছেন বাংলাদেশে। বাফুফে'র একজন কর্মকর্তা জানান, ‘জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য আমরা চারটি দেশকে আমন্ত্রণ জানিয়েছি। দেশগুলো হলো- পর্তুগাল, ইতালি, ফ্রান্স ও জার্মানি। দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ রাখা শুরু করেছে ফেডারেশন। এদের মধ্যে যে দেশ রাজি হবে তাকেই বাংলাদেশে আনা হবে।’ তবে বাংলাদেশের আমন্ত্রণে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল আসবে বলে আশা প্রকাশ করেছেন বাফুফের এই কর্মকর্তা। তিনি আরও জানান, ‘দেশগুলোকে আনতে হলে তাদের সঙ্গে দেড় থেকে দুই মাস আগে থেকে যোগাযোগ করতে হবে। কেননা ওই সময় যে দলের শিডিউল অফ থাকবে তারাই আসবে বাংলাদেশে। আর রাজি হওয়া দলের যাতায়াত, থাকা-খাওয়াসহ সব ধরণের ব্যয় বহন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় পর্তুগাল, ইতালি, জার্মানি কিংবা ফ্রান্সের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি।