প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভা পুনর্গঠন করেছেন। গতকাল সোমবার পুনর্গঠিত এই মন্ত্রিসভার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৬ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী। বেলা সোয়া তিনটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করান। নতুন মন্ত্রীরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টির (এ) রওশন এরশাদ এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও রুহুল আমিন হাওলাদার। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জাতীয় পার্টির (এ) মজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম। এছাড়া জাতীয় পার্টির (এ) আরেক নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদসহ বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং সরকারের পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকাল ৩টা ৫ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আসন গ্রহণের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি প্রথমে ৬ জন পূর্ণমন্ত্রী এবং পরে ২ জন প্রতিমন্ত্রীকে শপথ করান। সংক্ষিপ্ত এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
‘নির্বাচনকালীন সরকার’ গঠনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভার সকল সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তাদের পদত্যাগপত্র গতকাল পর্যন্ত গ্রহণ করা হয়েছে এমন কোন গেজেট প্রকাশ করা হয়নি। আর তাই তারা এখনো মন্ত্রি হিসেবে বহাল আছেন। তবে মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী কোন কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদ যাবেন এবং পুনর্গঠিত মন্ত্রিসভায় কারা থাকবেন সে বিষয়ে আজ মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এরপর এ বিষয়ে গেজেট হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়।
সূত্র জানায়, গতকাল শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এর ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। আর এ কারণে গেজেট প্রকাশ বিলম্বিত হচ্ছে। আজ মঙ্গলবার এ গেজেট প্রকাশ করা হতে পারে। অবশ্য জিয়াউদ্দিন বাবলুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত গেজেট গতকাল প্রকাশ করা হয়েছে।
