এটি সর্বদলীয় মন্ত্রিসভা নয়

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫৯
সদ্য পুনর্গঠিত মন্ত্রিসভা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জাতীয় সংসদের একমাত্র স্বতন্ত্র সদস্য মোহাম্মদ ফজলুল আজিম বলেছেন, এটি সর্বদলীয় মন্ত্রিসভা হয়নি। তিনি বলেন, দলীয় বিবেচনার পরিবর্তে জাতীয় স্বার্থে কালক্ষেপণ না করে সৃষ্ট সঙ্কটের সমাধান করতে হবে। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী আলোচনায় বসে সমঝোতার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের একটি পথ বের করবেন—জাতি এমনটিই আশা করছে। গতকাল সোমবার রাতে জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন। এদিকে মহাজোটের সংসদ সদস্যরা অন্তর্বর্তী সরকারে যোগ দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে কমিটি এবং বিল সংক্রান্ত রিপোর্ট উপস্থাপন শেষে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সূত্রপাত করেন জাসদের মইন উদ্দীন খান বাদল। সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, সংসদীয় রাজনীতির ইতিহাসে ‘সর্বদলীয় অন্তর্বর্তী সরকার’ নতুন অবদান। তিনি বিরোধী দলীয় নেত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, আপনি বলুন, কতজন মন্ত্রী ও কোন কোন মন্ত্রণালয় চান? সরকার দলীয় চিফ হুইপ আবদুস শহীদ বলেন, বিরোধী দল অসাংবিধানিক স্বৈরাচারি সরকার চায়। কিন্তু জনগণ তাদের সেই ষড়যন্ত্র কোনদিনই বাস্তবায়িত হতে দেবে না।