সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আল আলী হত্যা মামলায় সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিম চৌধুরীকে খালাস দেয়া হয়েছে। নিম্ন আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই রায় দেন।
গত বছরের ৫ মার্চ মধ্যরাতের পর ঢাকার গুলশানের ১২০ নম্বর সড়কে নিজের বাসার অদূরে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এই পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম সাংবাদিকদের বলেন, সেলিমের বিরুদ্ধে তেমন সাক্ষ্য-প্রমাণ না থাকায় তাকে খালাস দেয়া হয়েছে। সাক্ষ্য পর্যালোচনায় সাইফুল ইসলাম গুলি করেছে বলে প্রতীয়মান হওয়ায় তার মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত।
