আমার প্রিয় স্কুল

জগদল চৈতন্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ১৯:০২
পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান জগদল চৈতন্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৪৭ খ্রিস্টাব্দের প্রতিষ্ঠিত বিদ্যালয়টি শুরুতে লাল টিন দ্বারা তৈরি একটি ঘরে পড়াশোনা শুরু হয়। লাল টিন দিয়ে নির্মিত বিদ্যালয়টি এক সময় লাল স্কুল নামে পরিচিত ছিল। ১৯৭৩ সালে ১লা জুলাই দেশের সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলে এই বিদ্যালয়টি নাম চৈতন্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচয় বহন করছে। পঞ্চগড়-বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ে রোর্ড ঘেষা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে নামীদামী অনেকেই শিক্ষা অর্জন করেছেন। আমিও এই বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছি। প্রতিদিন সকাল ১০ টায় সমাবেশ ক্লাসের মধ্যদিয়ে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। খেলার মাঠটি প্রতিদিন পরিস্কার, পরিচ্ছন্ন রাখা হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইন উদ্দীন এই প্রতিষ্ঠানটিকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জেলায় পরিচিত করে গেছেন। বর্তমান প্রধান শিক্ষক মোছা: ফেরদৌসী জেসমিন প্রধান,তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। এই বিদ্যালয় থেকে প্রতি বছর ৮-১০ জন করে শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়ে থাকে। পাশের হার শতভাগ। লেখাপাড়ার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধূলার জন্য ক্যারাম, ফুটবল এবং শিক্ষার আনন্দঘন পরিবেশের জন্য দোলনা ও স্লীপার রয়েছে। বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্ঠায় বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা, নাচগান, আবৃত্তি চিত্রাংকন ও একক অভিনয়সহ বিভিন্ন সৃজনশীল কাজ পরিচালিত হয়। বিদ্যালয়টি ২০১২ সালে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করে। প্রায় সাড়ে ৩শ শিক্ষার্থী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষ ৭জন শিক্ষক রয়েছেন। যাঁরা শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বশূলভ আচরণ এবং পিতা-মাতার মত যত্নসহকারে শিক্ষাদান করে থাকেন। প্রতিষ্ঠানটি শুধু আমার নয় এই প্রতিষ্ঠান থেকে যাঁরা পাশ করে গেছেন এবং যারা অধ্যায়ন করছেন সবারই প্রিয়।