আজ তারেক রহমানের ৪৯তম জন্মবার্ষিকী

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২৩:১৫
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আজ ৪৯তম জন্মবার্ষিকী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান পিনো ১৯৬৫ সালের এইদিনে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন শেষে ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেন তিনি। বস্ত্রশিল্পে বিনিয়োগ করে স্বল্প সময়ের মধ্যে তিনি ব্যবসায় সফলতা লাভ করেন। পরে তিনি নৌ-যোগাযোগ খাতে বিনিয়োগ করেন এবং সাফল্য অর্জন করেন। পিতা জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপি’র সদস্য হন। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। ২০০৯ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৭ সালের ৭ মার্চ একটি দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরো ১৩টি দুর্নীতির মামলা রয়েছে। ওয়ান ইলেভেনে সেনা নিয়ন্ত্রিত সরকার তাকে গ্রেফতার করে। বর্তমানে লন্ডনের সাউথ ওয়েলিংটন ও লন্ডন হসপিটালে তার চিকিত্সা চলছে। চিকিত্সার সুবিধার্থে তিনি সেন্ট্রাল লন্ডনের এডমন্টনে সপরিবারে বাস করছেন । প্রতিবারের মতো এবারো প্রবাসে চিকিত্সাধীন অবস্থায় জন্মদিনটি তাকে পালন করতে হচ্ছে। তার সঙ্গে আছেন সহধর্মিণী ডা: জুবায়দা রহমান ঝুনু, একমাত্র কন্যা জায়মা রহমান। জন্মদিনে তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।