পাকিস্তানে ভারতীয় সিনেমা বন্ধের নির্দেশ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২৩:১৫
চ্যানেলের জনপ্রিয়তা বৃদ্ধি করতে পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলো ভারতীয় অনুষ্ঠান প্রচার করে আসছিল দীর্ঘদিন। এজন্য দশটি চ্যানেলকে দশ মিলিয়ন রূপি মাশুল দিতে হয়েছিল। আর এবার চ্যানেলগুলোতে ভারতীয় ছবি প্রচার এবং প্রদর্শন নিষিদ্ধ করলো পাকিস্তানের আদালত। জরিমানা করার একদিন পরই আদালত থেকে এই নিষেধাজ্ঞা আসলো। বিতর্কিত টিভি টক শো উপস্থাপক লোকমানের এক পিটিশনের প্রেক্ষিতে লাহোর হাইকোর্ট গতকাল মঙ্গলবার ভারতীয় ছবি প্রদর্শনে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে। লোকমান এর আগে সিনেমা প্রযোজক হিসেবে কাজ করছেন এবং কট্টোর ভারতবিরোধী হিসেবে তার পরিচিতি রয়েছে। লোকমান দাবি করেন, পাকিস্তানের আইন অনুযায়ী, যেসব ভারতীয় ছবি সম্পূর্ণভাবে ভারতে চিত্রায়িত এবং ভারতের স্পন্সরে নির্মিত সেইসব ছবি পাকিস্তানে প্রদর্শন করা যাবে না। তিনি আদালতে দেওয়া নথিপত্রে উল্লেখ করেন, অনেক চ্যানেল ভারতীয় ছবি প্রচারের জন্য কর্তৃপক্ষকে স্পন্সরের ভুয়া কাগজপত্র দেখান। -পিটিআই