সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় শিশুরা আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেড নেশনস চিলড্রেন’স ফান্ড (ইউনিসেফ)। গতকাল মঙ্গলবার ঢাকাস্থ ইউনিসেফের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, গত কয়েক সপ্তাহে দেশজুড়ে রাজনৈতিক বিক্ষোভে কয়েকজন শিশু নিহত ও আহত হয়েছে।
ইউনিসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ বলেন, আশঙ্কাজনকভাবে শিশুরা আন্দোলনের শিকার হচ্ছে। তাই রাজনৈতিক সুবিধার জন্য শিশুদের ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে। নির্বাচনের আগে ও চলাকালে শিশুদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে হবে। সব দেশে রাজনৈতিক কোলাহল থেকে শিশুদের নিরাপদে রাখতে রাজনৈতিক দলের প্রতি আহবান জানান তিনি। চলতি বছরের শুরুর দিকে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহারের জন্য উদ্বেগ প্রকাশ করেছিলো ইউনিসেফ।
