গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর চাই :এফবিসিসিআই

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২৩:১৬
ব্যবসায়ীদের শান্তিপূর্ণভাবে ব্যবসা করার পরিবেশ দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন বলে মনে করেন তিনি। সেইসঙ্গে বিরোধী দল ‘সর্বদলীয়’ সরকারে যোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা চাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর হবে। সর্বদলীয় সরকারের সূচনা হয়েছে। আশা করছি বিরোধী দল এ সরকারে যোগ দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবে। আমরা শান্তি চাই, ব্যবসা করার সুযোগ চাই। বিশ্ববাসী বাংলাদেশকে রাজনৈতিক কারণে নয়, অর্থনৈতিক কারণে চেনে। সেই অর্থনীতি ধ্বংস হয় এমন কিছু করা যাবে না। তাদের মনে রাখতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা টেকসই হয় না। হরতালে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত কয়েক দিনের টানা হরতালে আমাদের পোশাক খাত এতোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, পোশাক রপ্তানির দ্বিতীয় অবস্থান ধরে রাখা কঠিন হবে। এই ক্ষতি থেকে বেরিয়ে আসতে আমাদের অনেক সময় লাগবে। সংকট নিরসন ও রাষ্ট্রীয় স্বার্থে ব্যবসায়ীদের ভূমিকা শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন। ফাউন্ডেশনের সহ-সভাপতি নওশের আলী এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুল হক, ফাউন্ডেশনের মহাসচিব আহসান উল্লাহ শামীম, গবেষক নিশাত রহমান প্রমুখ।