বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী সরকারের বর্তমান শাসনামল পৃথিবীর যেকোন স্বৈরাচারীর নিষ্ঠুরতার ইতিহাসকেও হার মানায়। কেবলমাত্র বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার নয়, সরকারের পুলিশ বাহিনী রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতনের পর তাদেরকে হত্যা করছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৫ নভেম্বর ঢাকা মহানগর লালবাগ থানা ৬২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিনকে পুলিশ গ্রেফতার করে অমানুষিক নির্যাতন চালায়। পরবর্তীতে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত শাহাবুদ্দিন এর শারীরিক অবস্থা বিবেচনায় এনে রিমান্ড আবেদন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন। পুলিশি নির্যাতনের কারণে আজ জেলহাজতে শাহাবুদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুলিশি নির্যাতনে শাহাবুদ্দিনের মৃত্যুর ঘটনায় নিন্দা ও শোক জানান।
অনুরূপ এক বিবৃতিতে বিএনপি’র ভাইস চেয়ারম্যন ও ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক সাদেক হোসেন খোকা এবং সদস্য সচিব আবদুস সালাম পুলিশি নির্যাতনের কারণে ঢাকা মহানগর ৬২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিনের মৃত্যুকে বর্তমান সরকারের অসংখ্য নিষ্ঠুর অপকর্মের ধারাবাহিকতা উল্লে¬খ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
