অবিলম্বে নতুন রাজনৈতিক দল বিএনএফের নিবন্ধন বাতিল ও বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি জানান।
বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশনের মোসাহেবি চরম পর্যায়ে পৌঁছে গেছে। কমিশন এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্ধিত অংশ। তাই আমরা এ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি। তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে ভাঙার লক্ষ্যেই সরকার তার গোয়েন্দা সংস্থা ও জনপ্রশাসনকে ব্যবহার করছে। আর সরকারের এই ইচ্ছাকে নীলনকশার মাধ্যমে বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন ।
রিজভী আরো বলেন, বিএনপি’র পক্ষ থেকে অনুরোধ করার পরও নির্বাচন কমিশন বিএনএফকে নিবন্ধনের সনদ দিয়ে যে লজ্জাজনক ঘটনা ঘটালো, জনগণের নিকট একদিন এর কৈফিয়ত দেয়ার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।
