বিএনপি নেতাসহ দুই বন্দির মৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২৩:২৫
কারাবন্দী অবস্থায় বিএনপি নেতাসহ দু’জনের মৃত্যু হয়েছে। লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহবুদ্দিনকে (৬২) অসুস্থ অবস্থায় সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। শাহবুদ্দিনের ছোট ভাই শাহ আলম জানিয়েছেন, গত ৬ নভেম্বর বেলা ১১টার দিকে লালবাগ থানার এসআই আলমগীর হোসেন তার ভাইকে পলাশী বাজার এলাকা থেকে আটক করেন। পরে বিস্ফোরক ও ভাংচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাকে কারাগারে পাঠায়। মো. শাহবুদ্দিন চকবাজারের ২২/এ ঢাকেশ্বরী রোড জনতা ব্যাংক গলিতে পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। ৩ ছেলের জনক মো. শাহবুদ্দিন স্থানীয় পলাশী বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া গতকাল সকাল ৯টার দিকে কারারক্ষীরা অসুস্থ অবস্থায় আসাদুর রহমান আসাদ (৫০) নামে এক কয়েদীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি একটি মাদক মামলায় ৩৫ বছর সাজাপ্রাপ্ত ছিলেন। তার বাবা মৃত জিল¬ুর রহমান। গ্রামের বাড়ি খুলনার বসুপাড়ায়।