দেশের বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় তিনজনের অপমৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক সংবাদদাতাদের।
শ্যামনগর (সাতক্ষীরা) ঃ ভারতের নাগরিক সাতক্ষীরার শ্যামনগরে বেড়াতে এসে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত দু’টার দিকে ভারতের নাগরিক বিনা পাসপোর্টে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে খুটিখাটা গ্রামের তমেজ সানার বাড়িতে বেড়াতে এসে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। সে ভারতের ২৪ পরগনা জেলার মানিকতলা থানার বিল্লাবাই সরণী রোডের ২৮/১ মোরালী পুকুর গ্রামের মৃত শ্রীলিপদ প্রমানিকের ছেলে ভ্যানু প্রমানিক। শ্যামনগর থানা পুলিশ ভ্যানু প্রমানিকের লাশ সাতক্ষীরায় মর্গে প্রেরণ করেছে।
বেনাপোল (যশোর) ঃ বেনাপোলের বড়আঁচড়া সীমান্তের জিরো পয়েন্টের একটি আমবাগান থেকে শিবু ঘোষ (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিবু বেনাপোল পোর্ট থানার বড়আঁঁচড়া গ্রামের মৃত দুলাল ঘোষের পুত্র। পুলিশ জানান- শিবু বিজিবি ক্যাম্পে কাজ করতো। রবিবার রাতে মুচি বাড়ি বিজিবি পোস্টের পাশে সাহেব আলীর আমবাগানের একটি গাছে তার লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কমলনগর (লক্ষ্মীপুর) ঃ লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধূ ইয়াসমিন (২৩) বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার শ্বশুরবাড়িতে গভীর রাতে বিষপানে আত্মহত্যা করেন। জানা যায় ৩ বছর পূর্বে চরকালকিনির পান আলীর ছেলে মনির হোসেনের (৩০) সাথে মধ্য চর রমনীর মৃত আবদুর রহিমের কন্যা ইয়াসমিনের বিবাহ হয়। তাদের ১টি ২ বছরের কন্যাসন্তান রয়েছে। এ ব্যাপারে কমলনগর থানায় ১টি অপমৃত্যুর মামলা হয়।
