নতুন করে ইরানের বিরুদ্ধে অবরোধ নয়

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:১৩
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির পরমাণু প্রকল্পের বিষয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে চুক্তি সম্পন্ন করতে সময় দেয়ার কথাও সিনেটরদের বলেন প্রেসিডেন্ট ওবামা। গত মঙ্গলবার হোয়াইট হাউসে সিনেটরদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। গত কয়েকদিন ধরে মার্কিন আইনপ্রণেতারা ইরানের পরমাণু প্রকল্পের বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন। তাদের পক্ষ থেকে বলা হয়, হোয়াইট হাউসের উচিত দ্রুতগতিতে কাজ করে যাওয়া এবং তেহরানের প্রতি কঠোর অবস্থান নেয়া। এ প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এদিন হোয়াইট হাউসে সিনেটরদের সঙ্গে দুই ঘন্টার বৈঠক করেন। এসময় প্রেসিডেন্টর সাথে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস উপস্থিত ছিলেন। এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র হুঁশিয়ারি করে বলেন, তেহরান এ চুক্তিতে যদি না পৌঁছতে পারে তবে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রাখবে। ওদিকে বুধবার জেনেভায় ইরানের সাথে ছয়জাতি প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। এ আলোচনার মধ্য দিয়েই ইরানের পরমাণু ইস্যুর ক্ষেত্রে একটি সমাধানে পৌঁছানো যাবে বলে মনে করছেন দেশটির পররাষ্ট্র-মন্ত্রী জাভেদ জারিফ। পররাষ্ট্র-মন্ত্রী জারিফ বলেছেন, আমরা আশা প্রকাশ করি এ বৈঠক ফলপ্রসূ হবে। পরমাণু শক্তি অর্জনের কারণে আমরা অন্যের জন্য হুমকি নয়। আমাদের সামনের লক্ষ্যে পৌঁছতে এটি শুধু একটি ধাপ মাত্র। ওদিকে ইরান যদি চুক্তি করতে অস্বীকৃতি জানান সেটাই হবে দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপের সর্বোত্কৃষ্ট সময় বলে উল্লেখ করেন ওবামা। প্রেস সচিব জে কারনি একথা জানান। অন্যদিকে ইরান শান্তিপূর্ণভাবে তাদের প্রকল্প চালানোর কথা বললেও পশ্চিমা দেশগুলোর অভিযোগ তারা গোপনে পরমাণু কর্মসূচি উন্নত করে যাচ্ছে।