পদ্মার চরে আগাম পেঁয়াজ চাষে ভালো ফলন

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:১৫
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার দুর্গম চরাঞ্চলের কৃষকরা এ বছর আগাম পেঁয়াজের চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন। সেই সাথে বাজার মূল্য ভাল হওয়ায় তারা খুশি। তারা বলছেন, গত বছর পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় এ বছর অনেকেই পেঁয়াজ নিয়ে আতঙ্কে ছিলেন। কিন্তু এবার বাজার মূল্য ভাল হওয়ায় তারা সবাই আর্থিক ভাবে লাভবান হবেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল প্রায় দুই হাজার হেক্টর। যা অতিক্রম করে চাষাবাদ হয়েছে আড়াই হাজার হেক্টর। এরমধ্যে অর্ধেক এর বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলে। সে মোতাবেক চরবাসীদের অনেকে আগাম পেঁয়াজের চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। তথ্য মতে, বাঘার চরাঞ্চলের পেঁয়াজ এর গুণগতমান ভাল। এ কারণে এখান থেকে বাস এবং ট্রাকে করে পেঁয়াজ চালান দেয়া হয় দেশের বিভিন্ন অঞ্চলে। চরাঞ্চলের কৃষক বাবলু দেওয়ান জানান, তিনি গত বছর ১০ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবার ১৬ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে বাম্পার ফলন পাচ্ছেন। একই এলাকার খোয়াজ শিকদার জানান, তিনি এ বছর আড়াই লক্ষ টাকা খরচ করে ১০ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন।