তালায় মাদকাসক্ত স্বামী ঝলসে দিয়েছে স্বপ্নাকে

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:১৬
তালা উপজেলার পল্ল¬ীতে মাদকাসক্ত এক স্বামী তার স্ত্রীকে পরিকল্পিতভাবে মাদকের টাকা না পেয়ে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দগ্ধ করেছে। গত চারদিন যাবত্ সাতক্ষীরা সদর হাসপাতালে অর্থাভাবে বিনা চিকিত্সায় মৃত্যুর সাথে লড়ছে গৃহবধূ স্বপ্না বেগম (২৫)। এই ঘটনাটি ঘটেছে গত রবিবার সকালে তালা উপজেলার কুমিরা সবুজ পল্লীতে। জানা গেছে, গত ৬ মাস পূর্বে সাতক্ষীরা সদর থানার গড়েরডাঙ্গী গ্রামের আঃ জলিলের পুত্র মাদকাসক্ত সাইফুল ইসলামের সাথে বিয়ে হয় তালা উপজেলার কুমিরা সবুজ পল্ল¬ী এলাকার বারী সরদারের কন্যা স্বপ্না খাতুনের। বিয়ের পর স্বপ্না জানতে পারে তার স্বামী মাদকাসক্ত। যে কারণে তাদের সংসারে অশান্তি লেগেই ছিলো। এরই ধারাবাহিকতায়, গত ১৭ নভেম্বর সকালে সাইফুল ইসলাম মাদকের টাকা না পেয়ে স্বপ্নাকে ঘরের ভিতরে ঢুকিয়ে ঘরে তালা লাগিয়ে পূর্বে থেকে রেখে দেওয়া বালতিতে দাহ্য পদার্থ তার সমস্ত শরীরে ছুঁড়ে মারে। একপর্যায়ে স্বপ্নার গায়ে আগুন ধরিয়ে দেয়। এসময় তার চিত্কারে প্রতিবেশীরা ঘরের বেড়া ভেঙে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত মঙ্গলবার পাটকেলঘাটা থানায় সাইফুল ইসলামকে আসামি করে এজাহার দায়ের করেছে স্বপ্নার মা শাকিলা বেগম।