২০১৫ সালের মধ্যে ফাইলেরিয়া নির্মূলের লক্ষ্যে রংপুরে ২১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১০দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় গণওষুধ সেবন কার্যক্রম। এর মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ৭ লাখ ১৬ হাজার ৯’শ জনকে এই ওষুধ খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু। কর্মসূচির আওতায় ২ থেকে ৮ বছর বয়সী ১টি করে ও ৮ থেকে ১২ বছর বয়সী ২টি করে ও ১২ বছরের অধিক বয়সীকে ৩টি করে ওষুধ সেবন করা হবে। ২ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা, গুরুতর অসুস্থ শয্যাশায়ী ব্যক্তিদের এ ওষুধ খাওয়ানো যাবে না।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশনে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকগণ বাড়ি বাড়ি গিয়ে এ ট্যাবলেট খাওয়াবেন। যদি কেউ এ কর্মসূচি থেকে বাদ পড়েন তাহলে তাদেরকে আগামী ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সিটি কর্পোরেশনে জনস্বাস্থ্য বিভাগে এ ওষুধ খাওয়ানো হবে।
