দিনাজপুরের ফুলবাড়ি রেলস্টেশনে দুইটি আন্তঃনগর ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় এবার সরকারের উচ্চ ক্ষমতাসম্পন্ন এক সদস্যের তদন্ত কমিটি গতকাল বুধবার সরেজমিনে তদন্ত কাজ সম্পন্ন করেছেন।
তদন্ত কমিটির প্রধান সরকারের পরিদর্শক বাংলাদেশ রেলওয়ে মো. আমজাদ হোসেন গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তদন্ত সম্পন্ন করেন। এ সময় তিনি দুর্ঘটনাস্থলসহ পয়েন্ট ও সিগনাল এলাকা পরিদর্শন করে সংঘর্ষের দিন দায়িত্বরত স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করেন। সরকারের উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির প্রধান সরকারের পরিদর্শক বাংলাদেশ রেলওয়ে মো. আমজাদ হোসেন বলেন, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেয়া হবে। গত ১২ নভেম্বর ফুলবাড়ি রেলস্টেশনে দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ও খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত অর্ধশত যাত্রী আহত হন।
